দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত T20 সিরিজ ভালো পারফর্ম করায়, ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে (Sanju Samson) ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজে চান্স দেওয়া হয়েছিল। কিন্তু, কিউইদের বিপক্ষে প্রথম ৪ ম্যাচে রান করতে ব্যর্থ হয়েছেন সঞ্জু। সেই কারণে, ভারতের স্কোয়াডে তার অন্তর্ভুক্তি নিয়ে নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে।
সঞ্জুর বিরুদ্ধে বড় মন্তব্য করলেন চাহাল
এসবের মধ্যেই, ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, সঞ্জুর এই ফ্লপ পারফরমেন্সে নিজের মন্তব্য জানিয়েছেন। চাহাল (Yuzvendra Chahal) স্পষ্ট বলেছেন যে, খারাপ পারফর্ম করে চাপকে যুক্তি হিসেবে উল্লেখ করে কোনো অজুহাত দেওয়া যাবে না। চাহাল জোর দিয়ে বলেছেন যে, সঞ্জু স্যামসনের মতো খেলোয়াড়ের যেকোনো পরিস্থিতিতে রান করার ক্ষমতায় থাকা বাঞ্ছনীয়।
ধারাবাহিকভাবে কম রান করে মানসিক চাপকে অজুহাত হিসেবে দেখানো যায় না, বিশেষ করে এমন খেলোয়ারদের যারা প্রায় ১০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন। ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) T20 সিরিজে বোর্ড এবং ভক্তদের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)।
সম্প্রতি জিও হটস্টারের একটি অনুষ্ঠানে যুজবেন্দ্র চাহাল বলেছেন, “সঞ্জু অনেক বছর ধরে ক্রিকেট খেলে চলেছেন। IPL-এ মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ার শুরু করে, ওপেনারে পরিণত হয়েছেন তিনি। ১০-১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর, চাপ কোনও অজুহাত হওয়া উচিত নয়। এই সিরিজে তার কাছে ৪টি সুযোগ এসেছে। আমি এক বা দুটি ম্যাচে ব্যর্থতা মেনে নিতে পারি, কিন্তু তিন বা চারটিতে নয়। তিনি জানেন যে ঈশান কিষাণের মতো একজন, যিনি ব্যাকআপ এবং ৩ নম্বরে ভালো ব্যাট করছেন, তিনি অপেক্ষা করছেন। সঞ্জু নিজেকে দোষ দেবেন। তার কাছে ৪টি সুযোগ ছিল কিন্তু সেগুলি কাজে লাগাতে পারেনি।”
তিনি (Yuzvendra Chahal) আরও বলেন, “তবে, খুব বেশি খারাপ লাগার দরকার নেই কারণ T20 বিশ্বকাপ এখনও অনেক দূরে। নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটি ম্যাচ বাকি। এটা এখন টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনার উপর নির্ভর করে। যদি তারা মনে করে যে সঞ্জু ওপেনার হিসেবে লড়াই করছে এবং ঈশান তিন নম্বরে ভালো ব্যাট করছে, তাহলে সঠিক সিদ্ধান্ত হবে সঞ্জুকে বাইরে রাখা এবং শেষ T20 ম্যাচে ওপেনার এবং উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষাণকে তার জায়গা নিতে দেওয়া।”
চান্স পেয়েও ফ্লপ হয়েছেন সঞ্জু

ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) চলমান T20 সিরিজে প্রথম ৩ ম্যাচে ১৬ রান করতে সক্ষম হন সঞ্জু। এরপর চতুর্থ ম্যাচে ভালো শুরু সত্বেও ১৫ বলে মাত্র ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শেষ ১৫টি T20 ম্যাচে ১৭.৪৬ গড়ে মাত্র ২৬২ রান করতে পেরেছেন সঞ্জু স্যামসন। ওদিকে, ঈশান কিষাণ কিউইদের বিপক্ষে চতুর্থ T20 ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি, তাই পঞ্চম ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
