গতকাল, শ্রীলঙ্কার SSA ক্রিকেটে ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত T20 বিশ্বকাপের (T20 WC 2026) ৩৫তম ম্যাচে মুখোমুখি হয়েছিল নামিবিয়া এবং পাকিস্তান। এই ম্যাচে ১০২ রানে বড় জয়লাভ করেছে পাকিস্তান। পাকিস্তানি ব্যাটসম্যান সাহিবজাদা ফারহানের (Sahibzada Farhan) দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ২০ ওভারে ১৯৯ রান করতে সক্ষম হয় পাক দল। ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় নামিবিয়া দল।
পাকিস্তানের দুর্দান্ত ব্যাটিং
নামিবিয়ার বিরুদ্ধে এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক দলের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৮ বলে ৪টি ছয় এবং ১১টি চার সহ ১০০ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাহিবজাদা ফারহান। এছাড়া, সাইম আইয়ুব ১২ বলে ১৪ এবং খাওয়াজা নাফায় ৫ বলে ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা ২৩ বলে ৩৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। সাদাব খান ২২ বলে ৩টি ছয় এবং ১টি চার মেরে ৩৬ রান করে নট আউট ছিলেন। এই সমস্ত ইনিংসের সুবাদে ২০ ওভারে ২০০ রানের টার্গেট দিতে সক্ষম হয় পাকিস্তান। নামিবিয়ার হয়ে সর্বাধিক ২টি উইকেট নিয়েছেন জ্যাক ব্রাসেল এবং অধিনায়ক গেরহাড এরাসমাস ১টি উইকেট পেয়েছিলেন।
Pakistan seal the final #T20WorldCup Super 8 spot with a solid victory over Namibia 👊
📝: https://t.co/ig0UhhTcFP pic.twitter.com/XnqUAqOTvK
— ICC (@ICC) February 18, 2026
মাত্র ৯৭ রানে অলআউট হল নামিবিয়া
২০০ রানের স্কোর তাড়া করতে নেমে নামিবিয়ার শুরুটা খুবই খারাপ ছিল। মাত্র ৯ রান করেন ওপেনার জন ফ্রেইলিঙ্ক। আরেক ওপেনার লরেন স্টিনক্যাম্প ২২ বলে ২৩ রান করে আউট হন। এরপর, নিকোল লফটি-এটন এবং অধিনায়ক গেরহাড এরাসমাস যথাক্রমে ৫ এবং ৭ রান করেন। এছাড়া, আলেকজান্ডার ভলশেঙ্ক এবং জেজে স্মিট যথাক্রমে ২০ এবং ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন।
জেন গ্রীন ৭, পিটার মাইবার্গ ৮ এবং ট্রাম্পলম্যান শূন্য রান করে আউট হন। অবশেষে, বার্নার্ড স্কল্টজ এবং জ্যাক ব্রাসেল উভয়েই ১ রান করেছিলেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৪টি উইকেট নিয়েছেন উসমান তারিক। এছাড়া, সাদাব খান ২টি এবং ১টি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ ও সালমান মির্জা। এই ম্যাচে জয়লাভের পর গ্রুপ A-র পয়েন্টস টেবিলে দ্বিতীয় স্থানে পৌঁছেছে পাকিস্তান।
