গতকাল শ্রীলঙ্কার আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান (IND vs PAK)। এই রোমাঞ্চকর ম্যাচে ৬১ রানে জয়লাভ করেছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান ইশান কিষাণের (Ishan Kishan) দুর্দান্ত ইনিংসের সামনে নাজেহাল হয়ে পড়ে পাকিস্তানি বোলাররা। এই ম্যাচে জয়ের পর, গ্রুপ A-তে +৩.০৫০ রান রেট নিয়ে শীর্ষে পৌঁছে গেছে ভারত।
টিম ইন্ডিয়ার দুর্দান্ত ব্যাটিং
ভারত-পাকিস্তানের এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক সালমান আলী আঘা (Salman Ali Agha)। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অভিষেক শর্মাকে (Abhishek Sharma) শূন্য রানে প্যাভিলিয়নে পাঠান সালমান আলী আঘা। এরপর, ব্যাট করতে মাঠে নামেন তিলক ভার্মা (Tilak Verma)। ২৪ বলে ২৫ রান করে আউট হন তিলক।

ওদিকে, অধিনায়ক সূর্যকুমার যাদব ২৯ বলে ৩২ রানের ইনিংস খেলে আউট হন। তবে, ওপেনার ব্যাটসম্যান ইশান কিষাণ এই ম্যাচে একটি আকর্ষণীয় ইনিংস খেলেছেন। মাত্র ৪০ বলে ১০টি চার এবং ৩টি ছয় সহ ৭৭ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে তিনি আউট হন। দুই অলরাউন্ডার হার্দিক এবং অক্ষর প্যাটেল কোনো রান করতে পারেননি।
তবে, শিবম দুবে ১৭ বলে ২৭ এবং রিঙ্কু সিং ৪ বলে ১১ রানের যোগদান করেন। এরফলে, নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান করতে সক্ষম হয় ভারত। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব সর্বাধিক ৩টি উইকেট নেন। এছাড়া, সাহিন আফ্রিদি, উসমান তারিক এবং সালমান আলী আঘা ১টি করে উইকেট নিয়েছিলেন।
A walk in the park in Colombo 😉🇮🇳
3 straight 𝗪𝗪𝗪s 💙 pic.twitter.com/knZvQtdO4J
— Mumbai Indians (@mipaltan) February 15, 2026
মাত্র ১১৪ রান করলো পাকিস্তান
১৭৬ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়ার বলে আউট হন ওপেনার সাহিবজাদা ফারহান। পরবর্তী ওভারে জসপ্রীত বুমরাহ, সাইম আইয়ুব এবং সালমান আলী আঘার ২টি উইকেট তুলে নেন। সাইম আইয়ুব ৬ এবং অধিনায়ক আঘা মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর, বাবর আজম এবং শাদাব খান যথাক্রমে ৫ এবং ১৪ রান করেন।
তবে, উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান ৩৪ বলে ৫৪ রানের একটি ইনিংস খেলেন। মহম্মদ নওয়াজ ৪ এবং ফাহিম আশরাফ মাত্র ১০ রান করেন। এছাড়া, সাহিন আফ্রিদি ২৩ রান করেন এবং আবরার আহমেদ শূন্য রান করে আউট হন। ১৮তম ওভারে হার্দিকের ইয়র্কার বলে বোল্ড আউট হন উসমান তারিক।
এরফলে, ১৮ ওভারে মাত্র ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। টিম ইন্ডিয়ার হয়ে বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল এবং হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট নিয়েছেন। ওদিকে, কুলদীপ যাদব এবং তিলক ভার্মাও ১টি করে সাফল্য পেয়েছিলেন। অবশেষে, পাকিস্তানের বিরুদ্ধে এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ৬১ রানে বড় জয়লাভ করে ভারত।
